April 11, 2026

শিরোনাম

জাতীয় সংসদে পাস হলো বাংলাদেশ ব্যাংক (সংশোধনী) বিল ২০২৬

Image

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৬৭ বছর বাতিল করে আইন সংশোধন করা হয়েছে। এর ফলে বয়স নির্বিশেষে অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিদের দেশের কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্ব দেওয়ার সুযোগ উন্মুক্ত হলো।

শুক্রবার (১০ এপ্রিল, ২০২৬) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী উত্থাপিত বাংলাদেশ ব্যাংক (সংশোধনী) বিল, ২০২৬ কণ্ঠভোটে পাস হয়। বিলটির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২-এর সংশোধন আনা হয়েছে।

সংসদে বিলটির নির্দিষ্ট ধারাগুলোর ওপর কোনো সংশোধনী প্রস্তাব উত্থাপন না হওয়ায় এটি মূল আকারেই পাস হয়।

সংশোধিত আইনে গভর্নরের চার বছরের মেয়াদ এবং পুনর্নিয়োগের সুযোগ আগের মতোই বহাল রাখা হয়েছে। তবে পূর্বের আইনের ১০ অনুচ্ছেদের ৫ নম্বর ধারায় থাকা ৬৭ বছর বয়সসীমা বাতিল করা হয়েছে। আগে এই ধারায় বলা ছিল— কোনো ব্যক্তি ৬৭ বছর পূর্ণ করার পর গভর্নর পদে বহাল থাকতে পারবেন না।

নতুন আইনের ফলে এখন থেকে যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রয়োজনের ভিত্তিতে সরকার গভর্নর নিয়োগ বা বহাল রাখতে পারবে।

বিলের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, মুদ্রানীতি প্রণয়ন ও বাস্তবায়ন, আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা, ব্যাংকিং খাত তদারকি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ে গভর্নরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও উল্লেখ করেন, বিদ্যমান বয়সসীমা অনেক সময় অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিদের এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছিল। সংশোধনের মাধ্যমে সেই সীমাবদ্ধতা দূর করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, নেপাল ও পাকিস্তান ছাড়া বিশ্বের অনেক দেশেই কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের জন্য নির্দিষ্ট সর্বোচ্চ বয়সসীমা নেই। ফলে নতুন এই আইন আন্তর্জাতিক চর্চার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

Scroll to Top