ডেস্ক রিপোর্টঃ
আজ সোমবার (৩০ মার্চ, ২০২৬) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি’র সহধর্মিণী দিলারা হাফিজের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা নামায পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পেশ ইমাম ক্বারী মোঃ আবু রায়হান।
জানাযার শুরুতেই মরহুমা দিলারা হাফিজের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম, এমপি; বিরোধী দলের পক্ষে বিরোধী দলীয় নেতা ডা. মোঃ শফিকুর রহমান, এমপি; বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি; এবং মরহুমার স্বামী বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।
বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম জানাযায় উপস্থিত সকলকে কৃতজ্ঞতা জানান। স্পীকার তাঁর সহধর্মিণীর সাথে দীর্ঘ ৫৬ বছরের সফল দাম্পত্য জীবনের কথা উল্লেখ করেন। তিনি বলেন, দিলারা হাফিজ পেশায় শিক্ষক ছিলেন এবং মাউশির মহাপরিচালক পদ অলংকৃত করেন। এসময় তিনি আরও উল্লেখ করেন, তাদের দুজনেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্নেহধন্য ছিলেন।
জানাযা শেষে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি; রাষ্ট্রপতির পক্ষে জনবিভাগের সচিব, স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি; বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি; ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি; চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম এমপি ও অন্যান্য হুইপবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সচিবসহ কর্মকর্তাবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, মরহুমা দিলারা হাফিজের দ্বিতীয় জানাযা শেষে বনানী সামরিক কবরস্থানে সমাহিত করা হয়।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, বিরোধী দলের সদস্যবৃন্দ, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ভোলা-৩ আসনের আপামর জনসাধারণসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।











