বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন, বেগম খালেদা জিয়ার মতো সাহসী ও আপোষহীন নেত্রী এই পৃথিবীতে খুব কমই জন্মেছেন।

শনিবার (৩ জানুয়ারি, ২০২৬) সন্ধ্যা ৬টায় কালিয়াকৈর উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে তিনি বলেন, “আজকের এই শোকসভা ও দোয়া মাহফিলে উপস্থিত সবাইকে আমার সালাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো কিছুর কাছে মাথা নত করেননি বলেই তিনি আপোষহীন নেত্রী হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন।”

কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন, স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন ছিল, তা বাস্তবায়নের দায়িত্ব এখন দলের নেতা-কর্মীদের।
“আমরা যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। ইনশা আল্লাহ, গাজীপুর-১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করবো।”

তিনি আরও বলেন, “ধানের শীষের প্রার্থী মেয়র মজিবুর রহমানকে বিজয়ী করতে সবাইকে একসাথে মাঠে কাজ করতে হবে। আজ এই দোয়া মাহফিল থেকে আমি সেই আহ্বান জানাচ্ছি।”
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গাজীপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেয়র মজিবুর রহমান।











