ডেস্ক রিপোর্টঃ
শিক্ষা মন্ত্রণালয়ে সোমবার (৩০ মার্চ, ২০২৬) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর বাস্তবায়ন অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী সভায় সততা ও দক্ষতার সাথে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন এবং অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ না করার জন্য আহ্বান জানান। সভায় কারিগরি শিক্ষার জন্য বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়ন এবং প্রয়োজনীয় নতুন কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের বিষয়ে আলোচনা হয়। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে মডেল পলিটেকনিক ইনস্টিটিউট গড়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স এক বছর কমিয়ে তিন বছর করা যায় কি না—সেটির ভালো-মন্দের সম্ভাব্যতা নিয়েও আলোচনা হয়।











