February 6, 2026

শিরোনাম

ওআইসি সদর দপ্তরে উদযাপিত হলো বিশ্ব আরবি ভাষা দিবস

Image

ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর জেনারেল সেক্রেটারিয়েট এবং সৌদি আরবের কিং সালমান গ্লোবাল একাডেমি ফর দ্য আরবি ল্যাঙ্গুয়েজ-এর যৌথ উদ্যোগে বিশ্ব আরবি ভাষা দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) সৌদি আরবের জেদ্দায় অবস্থিত ওআইসি সদর দপ্তরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সৌদি আরবের সংস্কৃতিমন্ত্রী ও কিং সালমান গ্লোবাল একাডেমির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিজ হাইনেস প্রিন্স বদর বিন আবদুল্লাহ বিন ফারহান আল সৌদ-এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে ওআইসি সদস্য রাষ্ট্রসমূহ, সংস্থাসমূহ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং আরবি ভাষা একাডেমিগুলোর ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে ওআইসি মহাসচিব হুসেইন ব্রাহিম তাহা-এর পক্ষে বক্তব্য প্রদান করেন ফিলিস্তিন বিষয়ক সহকারী মহাসচিব রাষ্ট্রদূত সামির বাকর। তিনি বলেন, এই উদযাপন একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক উদ্যোগ, যা বিশেষায়িত প্রতিষ্ঠানের সঙ্গে বাস্তবভিত্তিক সহযোগিতার কার্যকর মডেল তৈরি করেছে। বিশেষ করে কিং সালমান গ্লোবাল একাডেমির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোর জন্য সক্ষমতা বৃদ্ধি ও ব্যবহারিক প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হয়েছে, যা পবিত্র কুরআনের ভাষা হিসেবে আরবি ভাষার যথাযথ মর্যাদা রক্ষায় ওআইসি’র প্রতিশ্রুতির প্রতিফলন।

কিং সালমান গ্লোবাল একাডেমি ফর দ্য আরবি ল্যাঙ্গুয়েজ-এর মহাসচিব প্রফেসর ড. আবদুল্লাহ বিন সালেহ আল-ওয়াশমি-এর পক্ষে বক্তব্য রাখেন একাডেমির উপ-মহাসচিব প্রফেসর ইব্রাহিম আবানমি। তিনি বলেন, ওআইসি সদর দপ্তরে বিশ্ব আরবি ভাষা দিবস উদযাপন একাডেমির বৈশ্বিক পর্যায়ে আরবি ভাষার ক্ষমতায়ন, আন্তর্জাতিক ফোরাম ও গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সংস্থায় এর অবস্থান সুদৃঢ় করার ধারাবাহিক প্রয়াসের অংশ। একই সঙ্গে এটি আরব ও ইসলামি বিশ্বের সাংস্কৃতিক পরিচয়, যোগাযোগ ও সভ্যতাগত বোঝাপড়ার সেতুবন্ধন হিসেবে আরবি ভাষার ভূমিকা তুলে ধরে এবং সৌদি আরবের অগ্রণী ভূমিকার স্বীকৃতি বহন করে।

উদ্বোধনী অধিবেশনে সৌদি আরবের ওআইসি-তে স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ড. সালেহ বিন হামাদ আল-সুহাইবানি স্বাগতিক দেশের পক্ষে বক্তব্য রাখেন। এছাড়া ইসলামি সম্মেলনের বর্তমান অধিবেশনের চেয়ারম্যান হিসেবে গাম্বিয়ার রাষ্ট্রদূত ও ওআইসি-তে স্থায়ী প্রতিনিধি মামবুরি এনজি এবং সদস্য রাষ্ট্রসমূহের পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বর্তমান চেয়ারম্যান হিসেবে তুরস্কের ওআইসি-তে স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত জিনকে ওরাজ বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে লিবিয়া, সেনেগাল, সুদান, কুয়েত, কাতার ও বাংলাদেশসহ একাধিক সদস্য রাষ্ট্রের খ্যাতনামা শিক্ষাবিদ, ভাষাবিদ ও প্রতিনিধিরা আরবি ভাষার অবস্থান, বিস্তার ও চ্যালেঞ্জ নিয়ে প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা করেন। তাদের উপস্থাপনায় বিভিন্ন দেশে আরবি ভাষার শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক প্রভাবের বিষয়গুলো গুরুত্ব পায়।

এই আয়োজনটি আরবি ভাষার প্রচার ও বিকাশে ওআইসি’র মন্ত্রীপর্যায়ের সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। সর্বশেষ সিদ্ধান্তটি ছিল মন্ত্রীসভা সিদ্ধান্ত নং ১৩/৫১সি, যা ২০২৫ সালে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫১তম অধিবেশনে গৃহীত হয়।

বিশ্ব আরবি ভাষা দিবস উদযাপনের মাধ্যমে পবিত্র কুরআনের ভাষা হিসেবে আরবি ভাষার ঐতিহাসিক ও সভ্যতাগত গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে মানবজাতির সাংস্কৃতিক ও ভাষাগত বৈচিত্র্য সমৃদ্ধকরণে এবং জ্ঞান উৎপাদনে আরবি ভাষার গুরুত্বপূর্ণ অবদানকে বিশেষভাবে আলোকপাত করা হয়।

Scroll to Top