ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বাংলাদেশ জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BGCCI) সদস্য, কূটনীতিক, ব্যবসায়ী নেতা ও বিশিষ্ট অতিথিদের সম্মানে রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকায় এক ইফতার মাহফিল ও আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেছে।
বুধবার (১১ মার্চ, ২০২৬) অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ। তিনি তার বক্তব্যে বাংলাদেশ ও জার্মানির মধ্যকার ক্রমবর্ধমান ও দৃঢ় সম্পর্কের কথা তুলে ধরেন এবং দুই দেশের মধ্যে ব্যবসায়িক সহযোগিতা ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে বিজিসিসিআই’র ভূমিকার প্রশংসা করেন।




বিজিসিসিআই সভাপতি মো. রোকনুজ্জামান, এফসিএ বলেন, পবিত্র রমজান মাস আমাদের ঐক্য, সহমর্মিতা ও সংহতির শিক্ষা দেয়। এসব মূল্যবোধ ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে সহায়ক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি তারিক আনোয়ার। তিনি স্বাগত বক্তব্য প্রদান করেন। পরে বিজিসিসিআই’র সহ-সভাপতি নাভনীথা কৃষ্ণান ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারী অতিথিদের সম্মাননা জানিয়ে তাদের ফুলেল শুভেচ্ছা প্রদান করেন জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ।
পরিশেষে ইফতার ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। এ সময় উপস্থিত অতিথিরা এক উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক মতবিনিময় ও নেটওয়ার্কিংয়ের সুযোগ পান।











