ঢাকা-১১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. এম. এ কাইয়ুম কদমতলী থানার একটি হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর, ২০২৫) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কাইয়ুমের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালে দায়ের করা কদমতলী থানার একটি হত্যাচেষ্টা মামলায় ড. এম. এ কাইয়ুম আজ আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। পরে তার পক্ষে আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
জামিন পাওয়ার পর ড. এম. এ কাইয়ুম সাংবাদিকদের বলেন, ‘বিগত স্বৈরাচারী সরকার আমার বিরুদ্ধে অসংখ্য গায়েবি মামলা দিয়েছিল। গত তিন দিনে সার্চ করে আরও দুটি মামলা পাওয়া গেছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মনোনয়নপত্র জমার সময় মামলার বিবরণসহ প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হয়। সে কারণেই গায়েবি মামলা থাকা সত্ত্বেও আদালতে এসে জামিন আবেদন করেছি। আদালত ন্যায়বিচার করে আমাকে জামিন দিয়েছেন।’
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ড. এম. এ কাইয়ুম নির্বাচনী প্রস্তুতি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।











