October 11, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত আরাল্ড গুলব্রান্ডসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে স্থানীয় সরকার ব্যবস্থা, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কারিগরি সহায়তা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নারীর অংশগ্রহণ বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করতে প্রয়োজনীয় সহযোগিতা ও কারিগরি সহায়তা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে স্থানীয় সরকার ব্যবস্থাপনা ও উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে নরওয়ের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে।

তিনি স্থানীয় সরকারে নারীর অংশগ্রহণ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন। নারীদের অধিকতর সম্পৃক্ততার মাধ্যমে স্থানীয় পর্যায়ে অংশগ্রহণমূলক ও কার্যকর শাসনব্যবস্থা গড়ে তোলার বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

বৈঠকে নরওয়ের বাংলাদেশ মিশনের ডেপুটি হেড আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেন, রাজনৈতিক উপদেষ্টা সারোয়ার জাহান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Scroll to Top