ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় সৌদি আরবের দূতাবাস আয়োজিত জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন জাতীয় সাপ্তাহিক ঢাকা মিডিয়া-এর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ সজীবুল-আল-রাজীব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, সৌদি আরব ও বাংলাদেশের সম্পর্ক ধর্মীয় বন্ধন, ঐতিহাসিক যোগাযোগ, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত। সময়ের সঙ্গে এই সম্পর্ক বাণিজ্য, জ্বালানি, অবকাঠামো, প্রতিরক্ষা, শিক্ষা ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত হয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে সম্পর্ককে আরও বিস্তৃত কৌশলগত অংশীদারত্বে উন্নীত করার সম্ভাবনা দেখছে। জ্বালানি, বন্দর, অবকাঠামো, খাদ্য নিরাপত্তা ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতে আরও গভীর সহযোগিতার সুযোগ রয়েছে।

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন আবিয়াহ তার বক্তব্যে বলেন, সৌদি আরব ও বাংলাদেশের শক্তিশালী সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিকভাবে সমৃদ্ধি ও উন্নতি অর্জন করেছে। বিশেষ করে অর্থনীতি, বাণিজ্য, জ্বালানি, শ্রম এবং আন্তর্জাতিক সংস্থায় সহযোগিতা উল্লেখযোগ্যভাবে এগিয়েছে। এ অগ্রগতি সৌদি ভিশন ২০৩০ এবং বাংলাদেশের ভিশন ২০৪১-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।



তিনি আরও বলেন, দুই দেশের সরকার ও জনগণের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন ঘটেছে সরকারি পর্যায়ের বিভিন্ন কার্যক্রম ও যোগাযোগে। একই সঙ্গে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য মন্ত্রণালয়ের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি-বেসরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।











