বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও দলের ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের শিখিয়ে গেছেন কীভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হয় এবং কীভাবে মাথা উঁচু করে আপসহীন সংগ্রাম চালিয়ে যেতে হয়। তাঁর দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের পথ অনুসরণ করেই আমরা জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব—ইনশাআল্লাহ।

রবিবার (৪ জানুয়ারি, ২০২৬) রাজধানীর খিলগাঁও তালতলা সোসাইটি এলাকায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পবিত্র আত্মার মাগফিরাত কামনা এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. এম এ কাইয়ুম বলেন, বিএনপি সবসময় নারীদের কল্যাণ ও ক্ষমতায়নের প্রশ্নে অগ্রাধিকার দিয়ে কাজ করেছে। আগামী দিনে সংসদে যাওয়ার সুযোগ পেলে নারীদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করা হবে। তিনি বলেন, নারীরা সমাজের অর্ধেক শক্তি—এই শক্তিকে বাদ দিয়ে কখনোই টেকসই উন্নয়ন সম্ভব নয়।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারীদের গুরুত্ব দিয়ে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছেন। ফ্যামিলি কার্ডসহ দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের নারীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে নারীরা পরিবার ও সমাজে আরও সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে পারেন।
বর্তমান দেশের অর্থনৈতিক বৈষম্য, বেকারত্ব ও নিরাপত্তাহীনতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নারীরা—উল্লেখ করে ড. এম এ কাইয়ুম বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে নারীদের কর্মসংস্থান বৃদ্ধি, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং সামাজিক নিরাপত্তা আরও জোরদার করা হবে। পাশাপাশি নারীদের বিরুদ্ধে সকল প্রকার সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে।
বিএনপির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম বলেন, দীর্ঘদিন দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা ছিল না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন দীর্ঘ সংগ্রামের মাধ্যমে জনগণ আবারও ভোটের অধিকার ফিরে পেয়েছে। এটি শুধু বিএনপির নয়, বরং দেশের প্রতিটি মানুষের একটি বড় অর্জন।
ঢাকা-১১ আসনের এই গণমানুষের নেতা আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ভোট দেওয়ার মাধ্যমেই গণতন্ত্রকে শক্তিশালী করা যায়। আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে একটি জবাবদিহিমূলক সরকার গঠনে ভূমিকা রাখবেন—এটাই আমাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, যদি জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, তবে আপনাদের সঙ্গে নিয়েই এলাকার উন্নয়ন, মানুষের কল্যাণ এবং একটি মানবিক বাংলাদেশ গড়তে কাজ করবো। আমি ক্ষমতার রাজনীতি নয়, জনগণের সেবক হয়ে কাজ করতে চাই।
বক্তব্যের শেষে ড. এম এ কাইয়ুম বলেন, দেশের সকল অপশক্তি, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে। জনগণের অধিকার, নারীর মর্যাদা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি কখনো আপস করেনি, ভবিষ্যতেও করবে না। একটি সুন্দর, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।











