ডেস্ক রিপোর্টঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্কে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশে জনস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, টিকাদান কর্মসূচি, সাশ্রয়ী মূল্যের ভ্যাকসিন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়।
এ সময় দেশের থানা ও জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও প্রশিক্ষণ, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়।
সাক্ষাতে এআই-সমন্বিত ডিজিটাল পাবলিক হেলথ কেয়ার সিস্টেম গড়ে তোলার পরিকল্পনাও তুলে ধরা হয়। প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য ও কার্যকর করার বিভিন্ন সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান ও মার্ক সুজম্যানের এ বৈঠকে বাংলাদেশের স্বাস্থ্যখাতে আন্তর্জাতিক সহযোগিতা, জনস্বাস্থ্য অবকাঠামো শক্তিশালীকরণ এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের বিভিন্ন দিক গুরুত্ব পায়।











