January 16, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • পিবিআই কর্মকর্তা-কর্মচারীদের কৃতি সন্তানদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান

পিবিআই কর্মকর্তা-কর্মচারীদের কৃতি সন্তানদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান

Image

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এ কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের কৃতি সন্তানদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার (০৫ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় পিবিআই হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান করেন পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোঃ মোস্তফা কামাল। এসএসসি ও এইচএসসি-২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত পিবিআই কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মধ্য থেকে মোট ৫১ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ ও প্রাইজবন্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্যে পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ মোস্তফা কামাল কৃতি শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি শিক্ষার্থীদের অভিভাবকদের, বিশেষ করে “মা”দের অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “সফলতা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। তোমাদের এই সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে।”

একই সঙ্গে তিনি শুধু একাডেমিক ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না থেকে একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান এবং দেশ, জাতি ও পিতা-মাতার প্রতি দায়িত্ব পালনের বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি আরও উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি প্রতিবছর পিবিআই কর্মকর্তা-কর্মচারীদের কৃতি সন্তানদের জন্য মেধাবৃত্তি প্রদান কার্যক্রম চালু রেখেছেন এবং ভবিষ্যতেও এ উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ডিআইজি পশ্চিমাঞ্চল জনাব মোঃ সুজায়েত ইসলাম কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সফলতা কামনা করেন। তিনি বলেন, যে যেখানেই থাকুক বা যে পেশাতেই যুক্ত থাকুক না কেন, সবাইকে আগে একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন—পিবিআই খুলনা জেলায় কর্মরত পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল মান্নানের পুত্র মোঃ মাহাবুব মান্নান মুনিম (এসএসসি-২০২৫),
পিবিআই হেডকোয়ার্টার্সে কর্মরত এসআই মোঃ হারুন অর রশিদের কন্যা নূরে জান্নাত নিজুম (এসএসসি-২০২৫) এবং পিবিআই ঢাকা জেলায় কর্মরত পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলমগীর হোসেনের পুত্র ফারহান শাহরিয়ার ফারদিন (এইচএসসি-২০২৫)। তারা প্রত্যেকেই পিবিআই-এর এই মহতী উদ্যোগের জন্য কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Scroll to Top