January 16, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা, নির্বাচন বানচালের চেষ্টা ব্যর্থ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা, নির্বাচন বানচালের চেষ্টা ব্যর্থ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Image

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির আহ্বায়ক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৫ জানুয়ারি ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৯তম সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা প্রস্তুতি, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচার কার্যক্রমের অগ্রগতি, অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর অগ্রগতি, অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধার, মাদক বিরোধী অভিযান, সীমান্ত ও পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার এবং সব বাহিনীর মধ্যে গোয়েন্দা তথ্যের সমন্বয় নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নির্বাচনকালীন সময়ে সব আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে মাঠপর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক কর্মসূচি ও প্রচার-প্রচারণাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সাধারণ জনগণ ও সংশ্লিষ্ট সবাইকে নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সহযোগিতা করার পাশাপাশি নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।

তিনি জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে অটল রয়েছে এবং যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তারা ব্যর্থ হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রসহ যেকোনো সময় যেকোনো স্থানে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় আগামী ৭ জানুয়ারি ২০২৬ তারিখে চূড়ান্ত চার্জশিট দাখিল করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইতোমধ্যে এ ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদেই এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

তিনি বলেন, সহযোগী সেজে ফ্যাসিস্টের এজেন্ট বা নাশকতাকারীরা যাতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দোষারোপের সুযোগ নিয়ে যাতে নাশকতাকারীরা পার পেয়ে না যায়, সেদিকেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গত ১৩ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ১৪ হাজার ৫৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ২০১টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, কার্তুজ, দেশীয় অস্ত্র, গ্রেনেড, মর্টারের গোলা, বোমা তৈরির উপকরণসহ বিভিন্ন অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টমূলে সর্বমোট ৩৩ হাজার ৮০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।

মাদক বিরোধী অভিযানের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডিসেম্বর ২০২৫ মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দেশব্যাপী অভিযান চালিয়ে ৬৫৮টি নিয়মিত মামলা দায়ের করেছে এবং ১ হাজার ৬১৩টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে। এ সময় ২ হাজার ৩৭৫ জনকে গ্রেপ্তার করা হয় এবং বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা, হেরোইন, চোলাই মদ, নগদ অর্থ ও যানবাহন জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, তীব্র শৈত্যপ্রবাহ ও কুয়াশার কারণে সড়ক-মহাসড়কে যানবাহন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য চালক ও পরিবহন মালিক-শ্রমিক সমিতিকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে দুর্ঘটনা এড়ানো যায়।

সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করা হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, অপপ্রচার ও উস্কানিমূলক বক্তব্য প্রতিরোধে নজরদারি জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান ও মাদক দমন এবং পার্বত্য অঞ্চলে শান্তি বজায় রাখতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করার সিদ্ধান্তের কথাও প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাংবাদিকদের সহযোগিতা ছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এই স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব নয়। দেশের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সরকারের এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Scroll to Top